শনিবার, ১৩ জুন ২০২৬

আকাশ হত্যা মামলার প্রধান আসামি রেন্ডি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:২৫

নগরের পাহাড়তলী এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় আলোচিত আকাশ দাস হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. রায়হান প্রকাশ রেন্ডিকে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মো.রায়হান প্রকাশ রেন্ডি (১৯) হবিগঞ্জ জেলার সদর থানার সওদাগর মিয়ার বাড়ি ইসমাইলের ছেলে।

র‌্যাব-৭ জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি রাতে নগরের পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাসকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আকাশ দাস ওই ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কাজ করতেন। ঘটনার দিন ফ্যাক্টরির কর্মচারী মাইকেলকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ তাকে উদ্ধার করেন। এরপর নাজমুল হুদা, মহসিনসহ ১২ থেকে ১৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে আকাশের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় নিহত আকাশের বাবা বাবুল দাস বাদী হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আকাশ হত্যা মামলার প্রধান আসামি রায়হান প্রকাশ রেন্ডি ঢাকা মহানগরীর হাজারীবাগ এলাকায় আত্মগোপনে থাকার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-৭ ও র‌্যাব-৩ যৌথভাবে হাজারীবাগ থানার কালুনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামিকে হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও