চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিত নিলাম কার্যক্রমের অংশ হিসেবে মে ও জুন মাসে ই-অকশন পদ্ধতিতে এসব পণ্য বিক্রি করা হবে।
এনবিআরের বিশেষ আদেশ নম্বর-৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী, ই-অকশন-৪/২০২৬ এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেম ও এসি পার্টস। এ নিলামে কোনও সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) রাখা হয়নি।
এতে আরও বলা হয়, এনবিআরের স্থায়ী আদেশ নম্বর-৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুযায়ী ই-অকশন-৫/২০২৬ এর আওতায় ১৭টি লটে ৬০ কন্টেইনার পণ্য বিক্রি হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি ও লবণ।
এনবিআর জানিয়েছে, নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা হবে। মে মাসজুড়ে আগ্রহীরা সরেজমিনে পণ্য পরিদর্শনের পাশাপাশি অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন।
আগ্রহী ক্রেতাদের বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে বিড করার আহ্বান জানানো হয়েছে। তবে জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্ত মেনে পণ্য খালাস নিতে হবে। আগামী ১৪ মে দুপুর ৩টায় ই-অকশন-৫/২০২৬ এবং ৯ জুন সকাল ১১টায় ই-অকশন-৪/২০২৬ এর দরপত্র বাক্স খোলা হবে।