শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশন

কথা ছিল সবুজায়নের, চলছে দোকান নির্মাণ !

উজ্জ্বল দত্ত

প্রকাশ : ৫ মে ২০২৬, ০১:৩২

চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায় পার্ক সদৃশ জায়গায় সৌন্দর্যবর্ধন করার কথা বলে নির্মাণ করা হচ্ছে বাণিজ্যিক স্থাপনা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ঘুমে রেখে প্রকল্প বাস্তবায়নকারীরা প্রকাশ্য দিবালোকে এমন অনিয়ম করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, চসিকের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদেরকে ম্যানেজ করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সৌন্দর্যবর্ধনের কথা বলে সেখানে দোকান-পাট নির্মাণ করছে। এটা চুক্তি বিরোধী কর্মকাণ্ড।

এ ব্যাপারে চসিকের স্টেট বিভাগের কর্মকর্তা অভিষেক দাশ বলেন, মাশা কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান চসিকের সাথে চুক্তি করেছে। জায়গাটিকে তারা সৌন্দর্যবর্ধন, ওয়াক ওয়ে নির্মাণসহ বিউটিফিকেশন করার চুক্তি ছিল। তবে সেখানে বণিজ্যিক স্থাপনা নির্মাণের কোন শর্ত ছিল না। বিষয়টি আমরা অবগত হওয়ার পর মেয়র মহোদয়কে অবগত করেছি। এখন নির্মিত স্থাপনাগুলো অপসারণের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে, কাতালগঞ্জের সেই জায়গাটি পরিদর্শন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সরেজমিন গিয়ে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ড দেখে রীতিমত হতবাক। সবুজায়ন করার নামে এমন অবৈধ নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, তারা চুক্তির শর্ত ভঙ্গ করেছে। নির্মাণাধীন সমস্ত স্থাপনা ভেঙ্গে ফেলা হবে। যারা করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। এখানে শিশুদের জন্য সবুজ পার্ক নির্মাণ হবে। এখানে রমনা পার্কের মত গ্রিন পার্ক করা হবে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যবর্ধন কোনভাবেই নষ্ট হতে দেয়া যাবে না।

চুক্তির বিষয় নিয়ে যোগাযোগ করা হলে চসিকের স্টেট অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, মাশা কর্পোরেশনের সাথে চসিকের চুক্তি হয়েছিল বিউটিফিকেশনের। ২০২৫ সালের ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সাথে চুক্তি হয়। ১ কোটি ৩ লাখ উন্নয়ন চার্জ ধার্য করা হয়। তারা ৫ হাজার বর্গফুট জায়গায় সৌন্দর্যবর্ধন করার চুক্তি করে। প্রতিষ্ঠানের সাথে সিটি কর্পোরেশনের পাঁচ বছর মেয়াদী এই চুক্তিটি করা হয়।

পূর্বতারা/

ভিডিও