মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুই চি’। বুধবার রাত ৮টার দিকে জাহাজটির বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৫ ঘণ্টা দেরি হয় জাহাজটির।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। এপ্রিল মাসে দেশে আসা অকটেনের তৃতীয় চালান এটি।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া এবং সমুদ্র উত্তাল থাকায় জাহাজটি স্বাভাবিক গতিতে চলতে পারেনি। এ কারণেই পৌঁছাতে প্রায় ১৫ ঘণ্টা বিলম্ব হয়েছে।
তিনি আরও জানান, আগে থেকেই বহির্নোঙরে পাঁচটি জাহাজ অপেক্ষমাণ ছিল। এর মধ্যে মঙ্গলবার তিনটি জাহাজ জেটিতে ভিড়িয়ে (বার্থিং) তেল খালাস শুরু হয়েছে। অপেক্ষায় থাকা বাকি দুই জাহাজের সঙ্গে মঙ্গলবার আরও দুটি জাহাজ যুক্ত হয়। আর আজ (বৃহস্পতিবার) সকালে মালয়েশিয়া থেকে অকটেন নিয়ে সর্বশেষ জাহাজটি এসে ভিড়ল। আগামী ২ মে জাহাজটিকে বার্থিং দেওয়া হতে পারে।’
সংশ্লিষ্টদের মতে, দেশে দৈনিক অকটেনের চাহিদা প্রায় ১ হাজার ২৫০ টন। সেই হিসাবে এক মাসে আসা এই ৭৯ হাজার টন অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময়ের চাহিদা মেটানো সম্ভব।
আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসে পৌঁছেছিল। গত মঙ্গলবার হংকংয়ের পতাকাবাহী ‘গ্রান কুভা’ নামের একটি জাহাজ ভারত থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম আসে। একই দিন রাত ১১টার দিকে চীন থেকে ১০ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে আসে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘হাফনিয়া মার্লিন’।
পূর্বতারা/ইউডি