বুধবার, ১৭ জুন ২০২৬

বিনা খরচে বিরোধ নিষ্পত্তিতে সরকার জনগণের পাশে : হাসানুল ইসলাম

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩১

চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রম আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কিছু ক্ষেত্রে আইন সংশোধনের মাধ্যমে প্রি-কেস মিডিয়েশন ব্যবস্থা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও তা এখনও চট্টগ্রামে সম্পূর্ণরূপে চালু হয়নি।

একই সঙ্গে অনলাইন কার্যক্রম পরিচালনা এবং সরেজমিন তদারকির মাধ্যমে বিচারপ্রার্থীরা যাতে দ্রুত ও কার্যকর ফলাফল পায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবছরও চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার জজ আদালত প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারক, উপকারভোগীরা অংশ নেন।

মো. হাসানুল ইসলাম বলেন, আইনগত সহায়তা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সহজীকৃত হেল্পলাইন নম্বর ১৬৬৯৯ চালু করা হয়েছে, যা আগের তুলনায় আরও ব্যবহারবান্ধব।

এ নম্বরটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে তিনি সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে তা প্রদর্শনের আহ্বান জানান।পাশাপাশি জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মতোই ১৬৬৯৯ নম্বরটি মানুষের মুখে মুখে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, ডিসি প্রসিকিউশন হাছানুল্লাহ চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। সভায় ২০২৫ সালের লিগ্যাল এইড কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে কয়েকজন উপকারভোগী প্রাপ্ত সেবা বিষয়ে মতামত তুলে ধরেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও