চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁইয়া বিরোধী দল জামায়াতের বিরুদ্ধে সরকারকে নাজেহাল করার চক্রান্তের অভিযোগ তুললে সংসদে হট্টগোল সৃষ্টি হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বুধবার বিকেল ৩টায় বৈঠক শুরু হলে বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবির হামলা চালিয়েছে, যা গণতন্ত্রের ওপর আঘাত। তিনি দাবি করেন, বিরোধী দল পরিকল্পিতভাবে সংসদের ভেতরে ও বাইরে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এ সময় তিনি বলেন, “বিএনপিকে যারা ভোট দিয়েছে, তারা বসে থাকবে না, তারা প্রতিবাদ করবে।” এই মন্তব্যে বিরোধী দলীয় সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে হট্টগোল শুরু করেন।
তাৎক্ষণিকভাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের বক্তব্য অসংসদীয় এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার শামিল। তিনি মন্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।
স্পিকার বিষয়টি বিবেচনায় নিয়ে বলেন, বক্তব্যে কোনো অসংসদীয় শব্দ থাকলে তা পরীক্ষা করে এক্সপাঞ্জ করা হবে। একই সঙ্গে তিনি এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখার আহ্বান জানান।
পরে জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান চট্টগ্রামের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।
অন্যদিকে বিএনপি এমপি এ কে এম সেলিম রেজা হাবীব বিরোধী দলের আচরণকে অসহিষ্ণু বলে উল্লেখ করে বলেন, এ ধরনের আচরণ গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান।