রঙধনুর সাতরঙের রঙিন বারতায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম। পাহাড়-নদী-সাগরের সঙ্গমভূমি চট্টগ্রামে স্বাড়ম্বরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। নগর থেকে গ্রাম-সবখাানে বৈশাখী উৎসব, নববর্ষের আমেজ। পুরানো দিনের দুঃখব্যথা, ফেলে আসা সময়ের বিরহ-বারতা পিছনে ফেলে বাঙালি আজ মেতে উঠেছে নতুনের জয়গানে। নতুন দিনের নতুন স্বপ্নে বিভোর বাঙালি নববর্ষে খুঁজে পেয়েছে তার চিরায়ত চেতনাকে। নানা ধর্ম-বর্ণ, দল-মত ঐক্যবদ্ধ নববর্ষের রঙে। পহেলা বৈশাখকে সামনে রেখে শোভাযাত্রা, বৈশাখী মেলা আর বলী খেলায় মাতোয়ারা চট্টগ্রাম।
মঙ্গলবার ১৪ এপ্রিল সকালে হাজার হাজার মানুষের উপস্থিতিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম।
জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল শোভাযাত্রা। নগরীর সার্কিট হাউস প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়। কাজীর দেউড়ি ও লাভ লেন মোড় হয়ে ডিসি হিলে গিয়ে শেষ হয়। নানা ধর্ম-বর্ণের মানুষ নানা রঙে নানা ঢংয়ে সেজে শোভাযাত্রাকে করে তুলেছে বর্ণাঢ্য।
সবাই সেজেছে বাংলা লোকজ সাজে, কারো কারো মুখে লোকজ সংস্কৃতির প্ল্যাকার্ড, কারো মুখে নানা প্রতীকী মুখোশ শোভাযাত্রায় অনন্য মাত্রায় নিয়ে গেছে।
এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, নববর্ষ উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চুহুর খান হাটে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা চলছে। ৯ এপ্রিল শুরু হওয়া এই মেলায় রয়েছে বলীখেলার আয়োজন। বলীখেলায় বিজয়ী হন রাশেদ বলী। কুয়াইশ উচ্চবিদ্যালয়ের মাঠে বসা এই মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাস এলাকায় বাংলা নববর্ষের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যাম্পাসের শিক্ষার্থীসহ শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে বৈশাখী মেলা,বলিখেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলা নববর্ষ উপলক্ষে নগরীর বিভিন্ন মার্কেট, শপিংমল, প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি , আলোচনা, আবৃত্তি,চিত্রাঙ্কনসহ নানা কর্মসূচিতে মুখর বাংলা নববর্ষের চট্গ্রাম। কোথাও কোথাও ঐতিহ্যবাহী বলীখেলা, বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। নগরীর চকবাজার বালি আর্কেডে সকাল থেকে চলছে তরুণ-তরুণীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশনসহ নানা আয়োজন।
পূর্বতারা/ইউডি