বুধবার, ১৭ জুন ২০২৬

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ০১:০১

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া আধুনগর বোর্ড অফিসের সামনে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম নাসিবুর রহমান নাছির (৪৮)। তিনি ফরিদপুর সদর এলাকার মোঃ শফি উদ্দিনের ছেলে।

এতে মো. আতিক নামে অপর বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ পদুয়া রেঞ্জের আওতাধীন পদুয়া ফরেস্ট চেক স্টেশনে কর্মরত। তার বাড়ি বাঁশখালী।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত মোটর সাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে দোহাজারী হাইওয়ে পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজারমুখী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন বাইক আরোহী নিহত হয়েছেন। মরদেহের প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও