শনিবার, ১৩ জুন ২০২৬

চুরির অভিযোগে সালিশে যুবককে পিটিয়ে হত্যা

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪

ফটিকছড়ির ভুজপুরে চুরির অভিযোগ তুলে সালিশে ডেকে এনে নুরুল আবছার (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেল নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারমাসিয়া খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক নুরুল আবছার ওই এলাকার নুর নবীর ছেলে।

এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আবছারের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত আবছারের বিরুদ্ধে আগেও এলাকায় চুরির অভিযোগ ছিল এবং আহত রাসেলের বিরুদ্ধেও একটি চুরির মামলা রয়েছে। তবে কোনো অভিযোগের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে কাউকে পিটিয়ে হত্যা করা সম্পূর্ণ বেআইনি। জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে নুরুল আবছার ও রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে এলাকায় গ্রাম্য সালিশ বসানো হয়। সালিশ চলাকালে তাদের চোর হিসেবে অভিযুক্ত করা হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগকারীরা নুরুল আবছার ও রাসেলকে মারতে শুরু করে। মারধরের একপর্যায়ে নুরুল আবছার ও রাসেল গুরুতর আহত হয়। পরে নুরুল আবছারের মা জাহানারা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন।

আহত রাসেল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভিডিও