বুধবার, ১৭ জুন ২০২৬

একাধিক গাড়ির চাপায় ছিন্নভিন্ন হয়ে গেছে মরদেহটি

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ১২:৫২

চট্টগ্রামের লোহাগাড়া মহাসড়ক এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করেন। তবে মরদেহটি দীর্ঘক্ষণ সড়কে পড়ে থাকায় চলাচলরত একাধিক গাড়ির চাপায় মরদেহটি ছিন্নভিন্ন হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোহাগাড়া স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধারের পর দোহাজারী হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে একাধিক গাড়ির চাপায় ওই ব্যক্তির মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। মহাসড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা ফায়ার সার্ভিসকে জানায়। এরপর মরদেহটি উদ্ধার হয়। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে। মহাসড়ক পারাপারের সময় তিনি গাড়িচাপায় নিহত হয়েছেন।

পূর্বতারা/ ইউডি

ভিডিও