হিজড়া খালে চলমান সংস্কার কাজের কারণে নগরীর প্রবর্তক মোড়সহ আশেপাশের সড়ক এলাকায় সাময়িক ভাবে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জনভোগান্তি হচ্ছে। তবে শিগগিরই এসব এলাকা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (৩ এপ্রিল) নগরীর প্রবর্তক মোড় এলাকায় হিজড়া খাল সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীনে হিজড়া খাল খনন, সম্প্রসারণ ও সংস্কার কাজ চলছে। খালটি গোল পাহাড়–মেহেদীবাগ এলাকা থেকে শুরু হয়ে কাতালগঞ্জ, পাঁচলাইশ, দামপাড়া, বাকলিয়া, চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলী–চাক্তাই খালে গিয়ে মিলিত হয়েছে।এর প্রকৃত প্রস্থ প্রায় ৩০ ফুট হলেও দখলের কারণে অনেক জায়গায় তা ১২–১৫ ফুটে নেমে এসেছে। এই খালকে তার মূল প্রস্থে ফিরিয়ে আনতে সংস্কার চলছে। এজন্য কিছু স্থাপনা আংশিক অপসারণ করতে হবে। যা বৃহত্তর জনস্বার্থে জরুরি।
তিনি আরও বলেন, খাল খননের সময় কিছু স্থানে অস্থায়ী বাঁধ দেওয়ায় সাময়িকভাবে পানি জমে মানুষের ভোগান্তি হচ্ছে। তবে চলতি এপ্রিল ও আগামী মে’র মধ্যে সংস্কার কাজ শেষ হতে পারে। সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও পাম্পের ব্যবস্থা করা হয়েছে। আগামী দুই মাস কিছুটা কষ্ট হলেও পরবর্তীতে এই এলাকা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হবে।
তিনি জানান, হিজড়া খাল ও জামালখান খাল—এই দুটি খাল নগরীর জলাবদ্ধতা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামালখান খালের সংস্কার কাজও একযোগে চলছে এবং তা দ্রুত শেষ হওয়ার আশা করা হচ্ছে।