সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টনের বেশি ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে জাহাজটি বন্দরে আসে।
বন্দর সূত্র জানায়, জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেটিকে জেটিতে ভেড়ানো হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইয়ান জিং হে’ ভোরে বহির্নোঙরে পৌঁছেছে। দ্রুত খালাস কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে, মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি জাহাজ শুক্রবার রাতেই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পাশাপাশি আগামীকাল এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী আরও একটি জাহাজ আসার সম্ভাবনা রয়েছে।
জাহাজ দুটির শিপিং এজেন্ট প্রাইডের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, ‘ইয়ান জিং হে’ জাহাজটি ২৭ হাজার টনের বেশি ডিজেল নিয়ে এসেছে এবং বর্তমানে বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে। অপরদিকে ‘শান গ্যাং ফা জিয়ান’ মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আসছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে জ্বালানি পণ্য নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দর-এ ভিড়েছে। এর মধ্যে ১৫টি জাহাজে বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি জাহাজে এলএনজি এবং ৯টি জাহাজে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ছিল।
জ্বালানির এই ধারাবাহিক সরবরাহ দেশের বাজারে স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।