চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের তিন টন কয়লা ও বোটসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) পতেঙ্গার চাইনিজ ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের বরাতে তিনি জানান, কয়লাগুলো চট্টগ্রামের বহির্নোঙর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে কেনা হয়েছে।
এদিকে পৃথক অভিযানে বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ৫টি জালসহ ১৮ জেলেকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বুধবার দিনগত রাত ১টায় শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ সময় ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ৫টি ট্রলিং জালসহ ১৮ জেলেকে আটক করা হয়।
জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।