চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ নিয়ে নগরীতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩ জনে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার হাম সন্দেহে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।
তথ্যমতে, নতুন করে শনাক্ত হওয়া এসব রোগীর সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। তবে এদিন চট্টগ্রামের ১৫টি উপজেলা থেকে নতুন কোনো সন্দেহভাজন রোগীর খবর পাওয়া যায়নি।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার চট্টগ্রামের বেসরকারি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা গেলেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে বৃহস্পতিবার।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, শিশুটি নোয়াখালীর বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। আজ আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখনো ফলাফল হাতে পাইনি।
তিনি আরও বলেন, আমরা মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। মহানগর এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে যাতে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। শনাক্তকৃত ও সন্দেহভাজনদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।