বুধবার, ১৭ জুন ২০২৬

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের, আহত ৪

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ০৪:০৮

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের খান দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি নোহা গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোহা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিলে পড়ে উল্টে যায়।

এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ১৪ বছর বয়সী এক কিশোরকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, নোয়া গাড়ির যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগাহ এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। তারা সপরিবারে ওমরাহ পালন শেষে দেশে ফিরছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ভিডিও