চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করে একটি আদর্শ নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ‘আমরা চাই না দেশের কোনো এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হোক। সলিমপুরকে একটি আদর্শ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা হবে।’
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ ও র্যাব ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি প্রথমে সলিমপুরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন এবং দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জঙ্গল সলিমপুরে বসবাসরত সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানা সন্ত্রাসী গোষ্ঠীর কাছে জিম্মি ছিল। তাদের সেই জিম্মিদশা থেকে মুক্ত করে একটি নিরাপদ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই প্রশাসনের লক্ষ্য।
তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘সন্তানের নিরাপত্তা ও সুশিক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, কিছু অসাধু গোষ্ঠী এলাকায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করেছে এবং সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে তুলেছিল। এসব কর্মকাণ্ড দমনে প্রশাসন ইতোমধ্যে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। প্রায় চার হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গত ৯ মার্চ থেকে এলাকায় একটি পুলিশ ও একটি র্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে, যা নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্যাম্পে অবস্থানরত সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘দেশ ও জনগণের নিরাপত্তার জন্য আপনারা কাজ করছেন। কিছু কষ্ট হলেও ধৈর্য ধরুন, স্থায়ী অবকাঠামো নির্মাণ হলে পরিস্থিতি আরও উন্নত হবে।’