চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। পাম্পগুলোতে তেলের সংকট ও দীর্ঘ লাইনের সুযোগ নিয়ে একটি অসাধু চক্র এই তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছিল বলে জানিয়েছে প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) বিকাল থেকে ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি বড় ট্যাংকারে এই বিপুল পরিমাণ তেলের মজুত পাওয়া যায়। প্রশাসনের ধারণা, এসব ট্যাংকার থেকে ড্রামে করে খোলা বাজারে তেল বিক্রি করা হতো।
সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। বরং কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে।
তিনি আরও বলেন, যারা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে এ ধরনের অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, পতেঙ্গা এলাকা থেকেও প্রায় ৬ হাজার লিটার তেল জব্দ করেছিল প্রশাসন। সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় এসব তেলের অবৈধ মজুতের তথ্য উঠে আসে।