০
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দ্রুতগামী একটি বাসের চাপায় দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কমল মুন্সীর হাট এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন অটোরিকশার চালক উত্তর খরনা গ্রামের মোহাম্মদ কামাল (৫০), ইজিবাইকের চালক আজিমপুর গ্রামের মো. ইছমাইল (৫৫) এবং চন্দনাইশের মধ্যম হাসিমপুর গ্রামের অটোরিকশার চালক মোহাম্মদ আলাউদ্দিন (৪০)।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়। এতে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন চালক আহত হন।
দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।