বুধবার, ১৭ জুন ২০২৬

হালদায় মৎস্য অধিদপ্তরের অভিযান, ১২০০ মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৪:৩০

দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৫ মার্চ) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ এলাকা ও কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, মা মাছের প্রজনন পরিবেশ রক্ষা এবং নদীর অন্যান্য মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রামদাশমুন্সীর হাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় গড়দুয়ারা এলাকা থেকে একটি এবং ছিপাতলী এলাকা থেকে একটি— মোট ২টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ১২০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানা গেছে।

মৎস্য অধিদপ্তর জানায়, নিয়মিত অভিযান পরিচালনার ফলে অবৈধ জালের ব্যবহার কমে এসেছে। জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অচিরেই ১৫০-২০০ জন জেলেকে হালদা প্রকল্পের আওতায় উপকরণ সহায়তা (AIG) প্রদান করা হবে।

হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জাল ব্যবহারে বাধা দিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযানে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর, আদিল ও আলমগীর সহযোগিতা করেন।

ভিডিও