শনিবার, ১৩ জুন ২০২৬

মোটরসাইকেলের ধাক্কায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার পদুয়া নয়া পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত জান্নাতুল বাকিয়া (২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি কক্সবাজার জেলার ঈদগাহ এলাকার বাসিন্দা এবং ইফতেখার মাহবুবের স্ত্রী।

আহতের স্বামী ইফতেখার মাহবুব জানান, তার স্ত্রী কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। পথে পদুয়া এলাকায় বাস থেকে নেমে ওয়াশরুমে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তার ডান পা গোড়ালির ওপর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি পূর্বানী বাস ঘটনাস্থলে থামলে তিনি বাস থেকে নামেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং মাথায় আঘাত পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নারীর পা বিচ্ছিন্ন হয়েছে এবং মাথায় আঘাত পেয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভিডিও