পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে পুলিশ প্রশাসন। এ লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সরাসরি মহাসড়কে নেমে তদারকি কার্যক্রম জোরদার করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পটিয়া উপজেলার ইন্দ্রপোল এলাকায় পরিদর্শনকালে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঈদকে ঘিরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার বিষয়টি বিবেচনায় রেখে তিনি যান চলাচল স্বাভাবিক রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুলিশ সুপার জানান, ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে পুরো জেলায় প্রায় ১ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছেন। কোনো স্থানে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঈদকে কেন্দ্র করে যেন কোনো ধরনের ভোগান্তি বা নিরাপত্তাহীনতা তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্ব (প্রশাসন ও অর্থ) শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) রাসেল পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমেদ, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমাসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা।