চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও মা মাছের নিরাপদ পরিবেশ রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে ১১টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ এলাকা হালদা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী।
অভিযান চলাকালে পুরালি স্লুইচগেট সংলগ্ন হালদা নদী থেকে ২টি, আইডিএফ হ্যাচারির পাশ থেকে ১টি, চেংখালি স্লুইচগেট সংলগ্ন এলাকা থেকে ১টি, মেখল ইউনিয়নের মোজাফফরপুর এলাকা থেকে ১টি এবং ছিপাতলী এলাকা থেকে ৩টি চরঘেরা জাল উদ্ধার করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী বলেন, জব্দকৃত জালগুলোর মোট আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৮০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।
হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর ও আলাউদ্দিন অভিযানে সহযোগিতা করেন।