বুধবার, ১৭ জুন ২০২৬

ফ্লাইট বাতিল হওয়া যাত্রীরা টিকিটের টাকা রিফান্ড পাবেন

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ১১:৪৪

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাতিল হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীরা বিনা মূল্যে টিকিটের তারিখ পরিবর্তন অথবা পুরো টাকা রিফান্ড পাবেন বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের তিন শহর আবুধাবি, শারজাহ ও দুবাই এবং কাতারের দোহা, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে কোনো ফ্লাইট পরিচালিত হবে না।

তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্য যেমন সৌদি আরবের জেদ্দা, মদিনা, রিয়াদ ও ওমানের মাস্কাটের ফ্লাইট যথারীতি চলছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

স্থগিত ঘোষিত রুটগুলোর যাত্রীদের সুবিধার কথা জানিয়ে বোসরা ইসলাম বলেন, যেসব যাত্রী স্থগিত সময়ের জন্য টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনা মূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করে পরবর্তী সময়ের জন্য টিকিট সংগ্রহ করতে পারবেন।

যাত্রীরা দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা যেখান থেকে টিকিট কিনেছেন সেই ট্রাভেল এজেন্সির মাধ্যমেই এই সেবা নিতে পারবেন।

বিমানের ফ্লাইট বিষয়ে যেকোনো তথ্য জানতে যাত্রীরা বিমান কলসেন্টার ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

ভিডিও