চট্টগ্রাম সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে ভূমি থেকে প্রায় এক হাজার ফুট ওপরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটিকে তাঁরা পাহাড় থেকে নামিয়ে এনে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
খবর পেয়ে আজ বেলা দেড়টার দিকে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল হাসপাতাল এলাকায় গিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শিশুটির অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম বলেন, শিশুটির বাড়ি কুমিরা। সে কীভাবে এত সকালে ইকোপার্কের ভেতরে পাহাড়ের এত ওপরে গেল, তা জানার চেষ্টা করছেন তাঁরা। শিশুটির অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। দুপুরে কথা বলার অবস্থা ছিল না। তবে সে এখন কথা বলতে পারছে। মেয়েটি তার নাম আর ঠিকানাও বলেছে। আরেকটু সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে।