বুধবার, ১৭ জুন ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মিলেমিশে কাজ করার আহ্বান এরশাদ উল্লাহর

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫

অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম আসন-৮ আসনের সাংসদ এরশাদ উল্লাহ। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে রূপান্তর করতে হবে। অতীতের দিকে ফিরে তাকাতে চাই না, আমরা নতুন বাংলাদেশ করতে চাই।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় এসব কথা বরেন তিনি। উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে হয় এই আয়োজন।

সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সদস্য সওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবায় আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

ভিডিও