শনিবার, ১৩ জুন ২০২৬

হালিশহরে গ্যাসের বিস্ফোরণ

দগ্ধদের দেখতে গেলেন দুই মন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪

চট্টগ্রামের হালিশহরে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে আহতদের দেখতে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছান তারা। দুই মন্ত্রী এসময় বার্ন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীনের সাথে দগ্ধদের বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা নিয়ে আলাপ আলোচনা করেন। ডা. নাসির উদ্দীন মন্ত্রীদ্বয়কে আহতদের বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, একই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধের মধ্যে ২ জন মারা গেছেন। একজন রোগী ভেন্টিলেশনে আছেন। ভর্তিকৃত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে করণীয় নির্ধারণে ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ের কাজ করা হবে। দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে।

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সেহরির সময় হালিশহর হালিমা মঞ্জিলের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ৯ জন দগ্ধ হন। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুইজন মারা গেছেন।

এদিকে, আজ ২৪ ফেব্রুয়ারি সকালে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৩ আহতকেও ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। দুই মন্ত্রী এই আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশনা দেন।

ভিডিও