চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ছাইয়ের স্তুপ থেকে উদ্ধার হওয়া নবজাতকটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)–ভর্তি করা হয়েছিল তাকে। তবে ২২ ফেব্রুয়ারি রাত ১২টা ১০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সিসিটিভির ফুটেজে দেখা যায়, রোববার বিকেল আনুমানিক চারটার দিকে এক তরুণ ও এক তরুণী একটি প্যাকেটে করে শিশুটিকে হাসপাতালের পাশে রেখে দ্রুত সটকে পড়ে। এসময় শিশুটির কান্না শুনে হাসপাতালের কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। নবজাতকটিকে জরুরি বিভাগে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও পটিয়া থানা–পুলিশকে জানানো হয়। পুলিশ ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়নাব বিবি জানান, নবজাতকটির ওজন ছিল মাত্র ৯০০ গ্রাম। ধারণা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই তার জন্ম হয়েছে। এত কম ওজনের শিশুর ক্ষেত্রে শ্বাসকষ্ট, সংক্রমণসহ নানা জটিলতার ঝুঁকি থাকে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও অবস্থার অবনতি ঘটে। রাত ১২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।