হাটহাজারীতে অপরাধ ও সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, কোনো দখলদার বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না; আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকারি জমি ও খাল বেদখলমুক্ত করতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। খাল পুনরুদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনা হলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং জলাবদ্ধতা সমস্যাও কমবে।
যানজট নিরসনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বাসস্ট্যান্ড, চৌধুরীহাট, বড়দিঘীর পাড় ও অক্সিজেন এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়কে যানজট কমাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রয়োজনে স্বেচ্ছাসেবক সম্পৃক্ত করার আহ্বানও জানান তিনি।
সড়ক উন্নয়ন প্রসঙ্গে মীর হেলাল বলেন, চৌধুরীহাট এলাকায় সড়কের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আরও কয়েকটি সড়কের কাজ শুরু হবে। যেসব সড়কের অনুমোদন বা অর্থায়ন এখনো হয়নি, সেগুলোর তালিকা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর তিনি হাটহাজারীর সব মানুষের প্রতিনিধি। দল-মত নির্বিশেষে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং কোনো রাজনৈতিক বিভেদ রাখা হবে না।