বুধবার, ১৭ জুন ২০২৬

পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

‘পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়-নদী ও বৈচিত্র্যময় সংস্কৃতির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপ দেওয়া হবে।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সুবিধা নিশ্চিত করে আগামী পাঁচ বছরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।

সভায় তিনি হাটহাজারীতে অপরাধ ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও পুনর্ব্যক্ত করেন। সরকারি জমি ও খাল বেদখলমুক্ত করতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। খাল পুনরুদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনা হলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলেও উল্লেখ করেন।

যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বাসস্ট্যান্ড থেকে চৌধুরীহাট, বড়দিঘীর পাড় ও অক্সিজেন এলাকা পর্যন্ত বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সামাজিকভাবে স্বেচ্ছাসেবক সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

সড়ক উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, চৌধুরীহাট এলাকায় উন্নয়নকাজ শুরু হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে আরও কয়েকটি সড়কের কাজ শুরু হবে। দল-মত নির্বিশেষে উন্নয়ন কার্যক্রম পরিচালনার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

ভিডিও