চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় মোটরসাইকেল ও পিকআপ (হাইচ) গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুনতি বাজারের কাছাকাছি মহাসড়কে দ্রুতগতির একটি হাইচ গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-ঠিকানা জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগাড়ার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন আহমদ জানান, মোটরসাইকেল ও হাইচের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন থানা হেফাজতে রাখা হয়েছে।