শনিবার, ১৩ জুন ২০২৬

মেয়রের পদ ছাড়ছেন ডা. শাহাদাত, লড়তে চান ভোটের মাঠে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮

আদালতের রায়ে পাওয়া মেয়র পদ ছেড়ে আবারও ভোটের মাঠে যেতে চান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বর্তমান মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চাইলে আরও কয়েক বছর মেয়র পদে থাকার সুযোগ থাকলেও জনগণের সরাসরি ভোটে নিজের গ্রহণযোগ্যতা যাচাই করতেই তিনি নির্বাচনের পথ বেছে নিতে চান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন জানান, দ্রুত সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলে প্রার্থিতা ঘোষণার সময় তিনি স্বেচ্ছায় মেয়র পদ থেকে সরে দাঁড়াবেন।

তিনি বলেন, আদালতের রায় অনুযায়ী আরও চার বছর দায়িত্ব পালনের সুযোগ থাকলেও তিনি সেটি ধরে রাখতে আগ্রহী নন। আমি চাই একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। জনগণের রায়ের মাধ্যমেই আমি জানতে চাই, আসলে কত মানুষ আমাকে সমর্থন করে।

নির্বাচিত কাউন্সিলর না থাকায় চট্টগ্রাম নগরের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন মেয়র। জন্ম নিবন্ধন, এনআইডি সংক্রান্ত সহায়তা, ময়লা-আবর্জনা পরিষ্কার, সড়ক সংস্কার, ল্যাম্পপোস্ট স্থাপন, মশক নিধনসহ প্রায় সব এলাকাভিত্তিক সেবাই কার্যকরভাবে দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, একজন মেয়রের পক্ষে পুরো নগরের প্রতিটি সমস্যার তদারকি একা করা খুব কঠিন। জনগণকে প্রকৃত সেবা দিতে হলে নির্বাচিত কাউন্সিলরদের বিকল্প নেই। তাই দ্রুত নির্বাচন জরুরি।

প্রসঙ্গত, ২০২১ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেন ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১ অক্টোবর আদালতের রায়ে তাকে মেয়র ঘোষণা করা হয় এবং ৫ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন। আইন অনুযায়ী, ষষ্ঠ নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।

ভিডিও