বুধবার, ১৭ জুন ২০২৬

হাতিয়ায় ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি, পুলিশ বলছে ‘প্রোপাগান্ডা’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫

জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেওয়ায় নোয়াখালীর হাতিয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের শেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাতিয়ার ঘটনায় একটা তদন্ত কমিটি করা হয়েছে। তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে।

তবে নোয়াখালী হাতিয়ায় চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনাটি ‘সম্পূর্ণ প্রপাগাণ্ডা’ বলছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন বলেন, শনিবার সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্লাটফর্মে একজন নারী অভিযোগ করেছেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়া ও সাংবাদিকদের মাধ্যমে জেনে তদন্তের জন্য ঘটনাস্থলে একজন এডিশনাল এসপিকে পাঠানো হয়। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় যে, সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আশ্রয়ণ প্রকল্পে মারামারির ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে, সে ঘটনারও দুই ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি ছিল। তবু আমরা লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

শুক্রবার রাতে হাতিয়া চাননন্দী ইউনিয়নে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেয়ার জেরে এক তিন সন্তানের জননীকে (৩২) নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় শনিবার নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ তথ্য জানান ভুক্তভোগী। পরে তাকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। ভুক্তভোগী নারী স্থানীয় নলেরচর একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

এদিকে, হাতিয়ায় গৃহবধু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় রোববার ১৫ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘চট্টগ্রাম ছাত্র-জনতা’ নামের একটি সংগঠন। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহি সদস্য জোবায়ের আলম মানিক, জাতীয় যুব শক্তির চট্টগ্রাম মহানগর নেতা টিপু সুলতানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভিডিও