রবিবার, ৮ মার্চ ২০২৬

ভোট দিতে গ্রামে মানুষ, ফাঁকা নগর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন চট্টগ্রাম নগরীর প্রধান সড়কগুলো সম্পূর্ণ ফাঁকা দেখা গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত বন্দর নগরীর রাস্তায় যানবাহনের চলাচল ছিল খুবই কম।

সরজমিনে দেখা গেছে, নগরীতে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। সড়কে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্দেশনায় সকাল ৮টা থেকে ৪৮ ঘণ্টা বন্দর এলাকায় সকল অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে বন্দরকেন্দ্রিক যানবাহন চলাচলও শূন্যের কাছাকাছি।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা—বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, কাজীর দেউড়ি, লাভ লেইন, কোতোয়ালী মোড়—ঘুরে দেখা গেছে, রাস্তায় যানবাহনের সংখ্যা মাত্র হাতেগোনা। বেশিরভাগ চলাচল করছে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা।

জিইসির মোড়ে পথচারী সাইফুল আলম বলেন, কিছু ওষুধ কেনার জন্য বের হয়েছি। রাস্তায় গাড়ি তেমন নেই। সকাল থেকে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির গাড়ি টহল দিচ্ছে।

নগরীর ওয়াসার মোড়ে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। রিকশা চালক মোহাম্মদ রফিক বলেন, পেটের দায়ে বাইরে এসেছি। প্যাসেঞ্জার নেই। মানুষ ভোটের ছুটিতে বাড়িতে গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া বলেন, নির্বাচন উপলক্ষে চারদিনের নিরাপত্তা পরিকল্পনা করেছি। স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম গতকাল থেকে কাজ শুরু করেছে। রিজার্ভ ফোর্সও রাখা আছে। ভোটারদের আসা-যাওয়ার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ভিডিও