সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতির নতুন বাঁক

এনসিপিতে আসিফ, ভিন্ন পথে মাহফুজ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭

অবশেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদকেও উপস্থিত থাকতে দেখা যায়।

আসিফ মাহমুদ এখন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা কমিটির বর্তমান প্রধান নাসীরুদ্দীন পাটোয়ারী তাঁর দায়িত্ব ছেড়ে দিয়ে তাঁর আসনে নির্বাচনী প্রচারে মনোযোগ দেবেন। আসিফ মাহমুদের ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার কথা ছিল। তবে তিনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না।

আসিফ মাহমুদ এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে। তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পাশাপাশি তার সমর্থকেরা কুমিল্লা-৩ আসন থেকেও তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসনেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য পাওয়া যায়নি। এনসিপির সূত্র বলছে, আপাতত তিনি নির্বাচনে অংশ না নিয়ে দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

এরই মধ্যে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (২৯ ডিসেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

মাহফুজ আলম বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করবো না। সরকার মনে করেছে ছাত্র প্রতিনিধিরা থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে— এই কারণেই আমি উপদেষ্টা পদ থেকে সরে গেছি। তবে নির্বাচন না করার সিদ্ধান্ত আমার আগেই নেওয়া ছিল।’

লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি স্পষ্ট করে জানান, তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন না। এ আসনে তার ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ প্রসঙ্গে মাহফুজ বলেন, ‘তিনি এনসিপির নেতা। নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এতে আমার বলার কিছু নেই।’

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আমার রাজনৈতিক অবস্থান’ শিরোনামে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এনসিপিতে যুক্ত না হওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। তিনি লেখেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বে গড়ে উঠলেও দলটিকে একটি বৃহৎ ‘জুলাই আম্ব্রেলা’ হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর চেষ্টা সফল হয়নি।

তিনি আরও লেখেন, জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব না পাওয়ার বিষয়টি সত্য নয়। তবে ঢাকার কোনো আসনে জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাকে তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।

মাহফুজ আলম বলেন, বিদ্যমান বাস্তবতায় তিনি কোনো জোট বা পক্ষ না নিয়ে নিজের রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থান থেকে নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, মধ্যপন্থি ও বিকল্প তরুণ-জুলাই শক্তির পক্ষে কাজ চালিয়ে যাবেন।

এদিকে আসিফ মাহমুদের এনসিপিতে যোগদানের খবরে দলটির ভেতরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এনসিপির ভেতরে জোট রাজনীতি নিয়ে যে টানাপোড়েন চলছে, তার মধ্যে এই যোগদান ও পৃথক অবস্থানগুলো আগামী রাজনীতিতে কী বার্তা দেয়— সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

ভিডিও