চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় দুই শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী জমিদার পরিবার আরবাণী সওদাগর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৯ নম্বর ওয়ার্ড সমিতির হাট পূর্ব ধলই এলাকায় অবস্থিত আরবাণী সওদাগর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা জুনায়েদের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে জুনায়েদ, সাইফুল ইসলাম বিপ্লব, রাশেদ চৌধুরী, টিটু চৌধুরী, মঞ্জু চৌধুরী ও সাজু চৌধুরীর বসতঘরসহ একটি পাকাঘর এবং অন্তত ১০–১২টি সেমিপাকা ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী এই বাড়ির অধিকাংশ বাসিন্দা বর্তমানে শহরে বসবাস করেন। অল্পসংখ্যক পরিবার সেখানে বসবাস করায় আগুন লাগার পরপরই দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তীব্র তাপদাহ ও আগুনের ব্যাপকতায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম।
ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জুনায়েদের লাকড়ির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আরবাণী সওদাগর বাড়ির প্রায় ১০–১২টি ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারিভাবে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।