চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের নেপচুন চা বাগানে পূজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে দাঁতমারা ইউনিয়নের নেপচুন চা বাগানের ৭ নম্বর সেকশনের বৈরাগী ঠাকুর আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নেপচুন চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ উদ্দীন জানান, দাঁতমারা ইউনিয়নের তারাকোঁ গ্রামের তিনটি পৃথক পরিবারের তিনজন হিন্দু বৃদ্ধা অটোরিকশা রিজার্ভ নিয়ে চা বাগানের ভেতরে বৈরাগী ঠাকুর আশ্রমে পূজা দিতে যান। পূজা শেষে ফেরার সময় পাহাড়ি ঢালু সড়ক দিয়ে নামার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল করে পার্শ্ববর্তী চা বাগানের একটি ড্রেনে পড়ে যায়।
দুর্ঘটনায় নিলু রানী শীল (৫০) ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়রা আহত দুই নারীকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. পিয়াংকা ওয়াদ্দার জানান, আহতদের মধ্যে মিনু দে (৭৫) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত প্রণিমা দে (৩০) প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চলে গেছেন।