সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির রাফি (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। গত শনিবার (ভোরে) আবুধাবি থেকে ওমরা হজ আদায়ের উদ্দেশ্যে সড়কপথে সৌদি আরব যাওয়ার সময় রিয়াদের প্রবেশমুখে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরান চৌধুরী বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আইয়ুবের কনিষ্ঠ মেয়ে এবং লন্ডন প্রবাসী মাসুদুর রহমানের ভাতিজি।
পরিবার সূত্রে জানা যায়, রাফির বাবা আইয়ুব নিজেই গাড়ি চালাচ্ছিলেন। আবুধাবি থেকে সড়কপথে সৌদি আরবে প্রবেশের পর রিয়াদের প্রবেশমুখে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাফি গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় গাড়িতে পরিবারের মোট সাতজন সদস্য ছিলেন।
নিহতের চাচা লন্ডন প্রবাসী মাসুদুর রহমান জানান, দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যও আহত হয়েছেন। আহতদের মধ্যে রাফির মা ও দুই বোন বর্তমানে রিয়াদের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তবে রাফির বাবা আইয়ুব ও পরিবারের অপর এক সন্তান অক্ষত রয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যরা বর্তমানে রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের কাছে সহযোগিতার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।