সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলার নিন্দা চট্টগ্রাম প্রেস ক্লাবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবিলম্বে স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশ যখন শোকাহত ও ক্ষোভে-বিক্ষোভে উত্তাল, ঠিক সেই সময় গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংসতা গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।

চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, অতীতেও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পরও যদি গণমাধ্যমের ওপর হামলা অব্যাহত থাকে, তাহলে সাধারণ মানুষের আস্থা ও গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিবৃতিতে অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি সারাদেশে গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

ভিডিও