চট্টগ্রাম নগরীতে পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনী বা সন্ত্রাসী গ্রুপের অস্তিত্ব থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব একমাত্র পুলিশের, এর বাইরে কোনো ‘বাহিনী’ বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে প্রেস ক্লাব আয়োজিত সিএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, ‘নানান নামে বাহিনী গড়ে ওঠার প্রবণতা আমরা দেখছি। সাজ্জাদ বাহিনী, লাল্টু বাহিনী, পল্টু বাহিনী— এই ধরনের সব বাহিনীকে নির্মূল করতে হবে। নির্মূল মানে নির্মূল। প্রয়োজনে চরম পন্থা অবলম্বন করতেও আমি বিন্দুমাত্র দ্বিধা করব না।’
নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে হাসিব আজিজ বলেন, নির্বাচন উপলক্ষে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে এবং এই অভিযান তিন-চার মাস আগেই শুরু হয়েছে। ঝুঁকিগুলো এখন দৃশ্যমান হয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন। ঢাকাসহ বিভিন্ন মহানগরে যেসব সহিংসতার চেষ্টা হচ্ছে, সেগুলোর লক্ষ্য নির্বাচন বানচাল করা এবং দেশকে অস্থিতিশীল করে তোলা বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ‘একটি রাষ্ট্র নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদ— এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে মিডিয়াকেও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু যখন এই প্রতিষ্ঠানগুলো একপাক্ষিকভাবে একটি রাজনৈতিক শক্তির সঙ্গে অ্যালাইনমেন্টে চলে যায়, তখন রাষ্ট্রব্যবস্থা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে। গত ১৭ বছরে আমরা তার বাস্তব উদাহরণ দেখেছি।’
লুণ্ঠিত অস্ত্র উদ্ধার প্রসঙ্গে সিএমপি কমিশনার জানান, এখন পর্যন্ত লুট হওয়া অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২০ শতাংশ অস্ত্র পাহাড়ি এলাকার বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে চলে গেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে নির্বাচনের আগেই বাকি অস্ত্র উদ্ধারে সর্বাত্মক অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক বলেন, পুলিশের প্রতি মানুষের যে ভীতি রয়েছে, তা দূর করা জরুরি। জনগণ যদি নির্ভয়ে পুলিশের কাছে তথ্য দিতে পারে, তাহলে সমাজের ভেতরে লুকিয়ে থাকা অপরাধ দমন সহজ হবে বলে তিনি মত প্রকাশ করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ। চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান মো. শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, মো. হুমায়ুন কবির, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুরসহ সাংবাদিক নেতৃবৃন্দ।