রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করার হুমকিতে ভারত চুপ থাকবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২

বাংলাদেশকে কঠোর ভাষায় হুমকি দিলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, গত এক বছর ধরে বাংলাদেশের অনেকেই আমাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে নানা ধরনের অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছেন। তবে ভুলে গেলে চলবে না, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমনটা ভাবতে পারে? এটা নিয়ে ভাবাও ভুল, কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তাভাবনায় সমস্যা আছে।

আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় এবং কোনওভাবেই বাংলাদেশকে খুব বেশি সহায়তা দেওয়া ঠিক নয়। আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। তারা যদি এমন আচরণ করতে থাকে, তবে আমরা চুপ করে বসে থাকব না।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন হেমন্ত বিশ্ব শর্মা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে বিষয়টি নিয়ে কূটনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে তলব করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতেই বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সেভেন সিস্টার্স বিষয়ে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে, তাহলে বাংলাদেশ ভারতবিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে।

ভারত সরকার ইতোমধ্যে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা নিশ্চিত করবে— এটাই ভারতের প্রত্যাশা।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে একীভূত করা বা আলাদা করার ধারণা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। তিনি অভিযোগ করেন, গত এক বছরে বারবার এমন বক্তব্য এসেছে যে ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত।

তিনি আরও বলেন, ভারত একটি বড় দেশ, একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমন চিন্তা করতে পারে— এ প্রশ্ন তুলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের শত্রুতামূলক আচরণ অব্যাহত থাকলে ভারত চুপ করে থাকবে না এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দেবে।

ভিডিও