চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে বন্দরের জলসীমায় অবস্থানরত সকল জাহাজ ও জলযান একযোগে এক মিনিট ধরে হুইসেল বাজানোর মাধ্যমে দিবসটির সূচনা হয়।
সকাল ৬টা ৩০ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সকল দপ্তর, ভবন, আবাসিক ভবন, চ্যানেলে অবস্থানরত জলযান, শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাব ও সংসদসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টা ৩০ মিনিটে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি চবক রিপাবলিক ক্লাবে অবস্থিত স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সকল সদস্য, বিভাগীয় প্রধানবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বন্দর থানা কমান্ডের নেতৃবৃন্দ, বন্দরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন সকল মসজিদ, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। একই সঙ্গে বন্দর হাসপাতালে ভর্তি অভ্যন্তরীণ রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ও ১৬ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত বন্দর ভবন ও আশপাশের এলাকা আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়। বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।