রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফটিকছড়িতে ছাত্র–যুব সমাবেশ

বুলেটের নির্বাচন আর নয়, এবার হবে ব্যালটের : শিবির সভাপতি

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বুলেটের নির্বাচনের দিন শেষ, এবার হবে ব্যালটের নির্বাচন। দেশের মানুষ এবার দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজ কাউকে ক্ষমতায় আসতে দেবে না।

চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র–যুব সমাবেশে শিবির সভাপতি বিরোধী দলের অতীত কর্মকাণ্ড, দমন–পীড়ন এবং রাষ্ট্রীয় অস্থিরতার নানা প্রসঙ্গ তুলে ধরে কঠোর সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের সমর্থনে হাজারো ছাত্র–যুবকের ঢল নামে।

সমাবেশের প্রধান অতিথি জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের বিপরীতে যারা আছে, তারা কাজের চেয়ে মাদককে বেশি প্রাধান্য দিয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও দলীয় সন্ত্রাসের মাধ্যমে তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করেছে। আমরা মাদকমুক্ত শান্তিপূর্ণ সমাজ চাই।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, দেশের মানুষ স্বৈরাচারী সরকারের অত্যাচার ভুলে যায়নি। তিনি দাবি করেন, অসংখ্য নেতা–কর্মীকে গুম, খুন, মিথ্যা মামলা ও কারাগারে রেখেছে সরকার। “দাঁড়িপাল্লার বিজয় না হওয়া পর্যন্ত আমাদের অগ্রযাত্রা থামবে না,” বলেন তিনি।

চট্টগ্রাম মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি তানভীর হোসেন জুয়েল বলেন, যারা বড় দলের পরিচয়ে নিজেদের দ্বন্দ্বে দুই শত মানুষ হত্যা করেছে, তারা এখন জনগণের মন জিততে ব্যর্থ।

চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) সভাপতি মাইমুল ইসলাম মামুন বলেন, ‘দীর্ঘদিন ধরে বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় দমন–পীড়ন, গুম–খুন ও কারাগার রাজনীতি গণতন্ত্রকে অকার্যকর করেছে।’

এসময় ভিপি রনি বলেন, ২০০৮ সাল থেকে আন্দোলনে যারা শহীদ হয়েছেন— এই নির্বাচন তাদের ন্যায়বিচারের নির্বাচন। তিনি দাবি করেন, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ বহু নেতাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে, শহীদের রক্ত বৃথা যাবে না।

অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ফটিকছড়ি–ভূজপুরে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, আধুনিক হাসপাতাল, স্টেডিয়াম, ফায়ার সার্ভিস স্টেশন, সড়ক উন্নয়ন, কোল্ড স্টোরেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, নার্সিং কলেজ ও গ্যাস–বিদ্যুৎ গ্রিড সাবস্টেশন নির্মাণসহ বড় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি অবৈধ অস্ত্র উদ্ধার, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং স্থানীয় পর্যায়ে ‘পরামর্শ পরিষদ’ গঠনেরও ঘোষণা দেন।

সাবেক অতিরিক্ত সচিব গোলামুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি জনসমুদ্রে রূপ নেয়। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ ও নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ আল–কাদেরী, থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু।

ভিডিও