মিরসরাইয়ের বারৈয়ারহাট পৌরসভায় দুইপক্ষের সংঘর্ষে মোহাম্মদ তাহমিদ উল্লাহ (২৩) নামের একজন নিহত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তাহমিদ বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বারৈয়ারহাট বাজারে দুই ভাইয়ের সালিশ চলাকালে পা তুলে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় তাহমিদ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, বারৈয়ারহাট বাজারে সালিশে দুইপক্ষের সংঘর্ষে আহত হয় মোহাম্মদ তাহমিদ উল্লাহ। পরে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জোরারগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার রাতে চমেক হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগে আনার পর চিকিৎসক তাকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টার দিকে তাহমিদ উল্লাহর মৃত্যু হয়।
তাহমিদের পরিচয় নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক চাই মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ছিলেন। আবার কেউ বলছেন, পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন।