চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর এলাকায় এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম আয়েশা সিদ্দীকা (১৯)। তিনি ওমানপ্রবাসী লিয়াকত আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে আয়েশার ঘরের দরজা দীর্ঘসময় ধরে বন্ধ দেখে স্বজনরা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে তারা। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ সময় ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল— ‘আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।’
স্থানীয়দের ভাষ্য, তিন বছর আগে আয়েশার সঙ্গে লিয়াকত আলীর বিয়ে হয়। প্রায় তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান। তাদের দাবি, লিয়াকত ও তার পরিবার শান্ত-শিষ্ট হলেও আয়েশা কিছুটা মানসিক অস্থিরতায় ভুগতেন। তবে এলাকার কিছু মানুষের সন্দেহ— এটি আত্মহত্যা নাও হতে পারে; পরিকল্পিত হত্যারও সম্ভাবনা রয়েছে।
ফটিকছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মুষ্টিবদ্ধ হাত, জিহ্বা বের হয়ে থাকা, গলায় রশির দাগ— আত্মহত্যার সব প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে।’
তিনি আরও জানান, নিহতের পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করলেও এখনো থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।