রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বাসস প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ

‘নতুন প্রজন্মের সংবাদমাধ্যম গ্রহণই এখন বড় চ্যালেঞ্জ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪

প্রযুক্তিনির্ভর আধুনিক তথ্য প্রবাহকে গ্রহণে সমাজ এখনো মানসিকভাবে প্রস্তুত নয় উল্লেখ করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, নতুন প্রজন্মের ব্যবহার করা সংবাদ প্ল্যাটফর্মগুলোকে গ্রহণ করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আমরা পত্রিকা পড়ব। কিন্তু নতুন প্রজন্মের সংবাদমাধ্যমকে গ্রহণ করাটাই আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে “মুক্ত গণমাধ্যম ও আগামীর চ্যালেঞ্জ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা যখন একটি প্রজন্মের ব্যবহৃত ডিভাইসকে শত্রু ভাবি, তখন আসলে সেই প্রজন্মকেই প্রত্যাখ্যান করি। অথচ ২০২৪ সালের নতুন বাংলাদেশে আমাদের ওপেন ও গণতান্ত্রিক মানসিকতা নিয়ে সামনে এগোতে হবে।’

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় প্রচলিত গণমাধ্যমের ভূমিকার সীমাবদ্ধতা তুলে ধরে বাসস প্রধান সম্পাদক বলেন, ‘তখন আমরা নিবন্ধিত, প্রচলিত মিডিয়াগুলোতে কি অভ্যুত্থানের খবর যথেষ্ট দেখেছি? খুবই কম। বহু টেলিভিশনই রাষ্ট্রীয় সম্প্রচারকের মতো আচরণ করেছে। বেশিরভাগ প্রচলিত মাধ্যম হয় প্রতিবাদকে উপেক্ষা করেছে, নয়তো ব্ল্যাকআউট করেছে। তাহলে সেই সময়ের খবর কে ছড়িয়েছে?— নতুন প্রজন্মের বিকল্প সংবাদমাধ্যম।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ। ধারণাপত্র উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজী।

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এস. এম. নসরুল কদির। তিনি বলেন, ‘স্বাধীনতার পাঁচ দশক পরেও ‘মুক্ত গণমাধ্যম’ নিয়ে আলোচনা করতে হওয়া দুঃখজনক। আমরা যদি প্রত্যেকে নিজের অবস্থানে সৎ থাকি, তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।’

মুখ্য আলোচক হিসেবে কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শহীদুল হক।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, চবি সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সায়মা আলম, এ্যাব চট্টগ্রাম বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সেলিম, দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস প্রমুখ।

ভিডিও