রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

‘দাঁড়িপাল্লার বিজয়েই ফটিকছড়ির উন্নয়ন সম্ভব’

প্রীতি সমাবেশে উন্নত ফটিকছড়ি গড়ার ডাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩

চট্টগ্রাম শহরে বসবাসরত ফটিকছড়িবাসীদের উদ্যোগে সোমবার রাতে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় ফটিকছড়ি গড়তে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। ন্যায় ও সুবিচারের প্রতীক দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, চট্টগ্রাম শহরে অবস্থানরত ফটিকছড়িবাসীরা এলাকার সঙ্গে যে শক্তিশালী যোগাযোগ ও সামাজিক বন্ধন বজায় রেখেছেন তা প্রশংসনীয়। স্থানীয় উন্নয়ন, শিক্ষার বিস্তার এবং যুবসমাজের নৈতিক বিকাশে ফটিকছড়িবাসীর ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সত্য, ন্যায় ও মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে গেলে ফটিকছড়িকে একটি উন্নত ও সম্ভাবনাময় উপজেলায় রূপান্তর করা সময়ের ব্যাপার মাত্র। আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ৮ দলের বিভাগীয় সমাবেশ সফল করতে তিনি সকলকে সহযোগিতার আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘সবুজে ঘেরা ফটিকছড়ি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি সম্ভাবনাময় এলাকা। হালদা নদীর মিঠা পানির জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্পদের যথাযথ ব্যবহার করলে ফটিকছড়ির উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে সমর্থন দিয়ে ফটিকছড়িকে দেশের অন্যতম মডেল উপজেলায় রূপান্তরের আহ্বান জানান।

জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন তার বক্তব্যে ফটিকছড়ির শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া খেলাধুলার অবকাঠামো, শিল্পনগর স্থাপন, গ্যাস সুবিধা নিশ্চিতকরণ এবং নতুন উপজেলার অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দীন সিকদার, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক আব্দুল মোমেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) গোলাম হোসেন এবং উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান বলেন, ‘আগামী সংসদ নির্বাচন দেশ পরিচালনার ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে। যদি আল্লাহ তায়ালা সুযোগ দেন, জামায়াতে ইসলামী মদিনার সনদের আলোকে দেশ পরিচালনা করবে— যেখানে সকল নাগরিকের ন্যায়বিচার ও মৌলিক অধিকার নিশ্চিত হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. ইউসুফ, মো. এস.এম. কামাল হোসেন, অতিরিক্ত সচিব (অব.) গোলাম মাওলা, ছাত্রশিবির নেতা তানজীর হোসেন জুয়েল, মাইমুনুল ইসলাম মামুন, খুররম মুরাদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও পেশাজীবী প্রতিনিধিরা।

ফটিকছড়ির উন্নয়ন, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও আগামীর নির্বাচনী কর্মসূচি নিয়ে বক্তারা নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

চট্টগ্রাম শহরে বসবাসরত ফটিকছড়িবাসীদের নানা পেশার মানুষ— পেশাজীবী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, ধর্মীয় ব্যক্তিত্ব ও যুবসমাজ সমাবেশে উপস্থিত ছিলেন।

ভিডিও