,

 

সন্ত্রাসী ইয়াসিনের বিরুদ্ধে এবার পুলিশের পানিতে বিষ প্রয়োগের মামলা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 27 July 2026, 06:17

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অস্থায়ী ক্যাম্পের সংরক্ষিত পানির ট্যাংকে বিষ প্রয়োগের অভিযোগে ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে আলীনগর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, পানির ট্যাংকে বিষ প্রয়োগের অভিযোগে আলীনগর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মকবুল হোসেন সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। মামলায় ইয়াসিনসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পানি পান করে অসুস্থ হওয়া তিন পুলিশ সদস্য হলেন— কনস্টেবল মাঈন উদ্দিন ভূঁইয়া, ইয়াসির আরাফাত ও সাজ্জাদ হোসেন। তারা আলীনগর ক্যাম্পে কর্মরত।

পুলিশ জানায়, রবিবার সকালে সংরক্ষিত ট্যাংকের পানি পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পানি পান করার সময় তারা দুর্গন্ধ অনুভব করেন। পরে অসুস্থ তিন সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মহিনুল ইসলাম বলেন, পাইপলাইনের মাধ্যমে পানি নিয়ে পুলিশের জন্য সংরক্ষিত যে ট্যাংকে জমা রাখা হয়, শুধু সেটিতেই বিষ জাতীয় কিছু প্রয়োগ করা হয়েছে। পাইপলাইনটি কিছুটা কাটা অবস্থায় দেখা যায়। সেই কাটা অংশ দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে বলে আমাদের ধারণা।

তিনি আরও জানান, ট্যাংকের পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্যমতে, জঙ্গল সলিমপুরের প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি দখল করে প্লট আকারে বিক্রি করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকাটিকে নিয়ন্ত্রণ করছে।

উল্লেখ্য, চলতি বছর গত ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন। এর দুই দিন আগে আলীনগরে স্থাপিত যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে হামলা চালিয়ে সেটি ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

পূর্বতারা/ইউডি

ভিডিও