চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন— বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার পোমরা এলাকার উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাট থানার উত্তর নালাপাড়ার মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার চুনতীর সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের মোহাম্মদপুর এলাকার জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী পৌরসভার মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর চর খিজিরপুর এলাকার নূর নবী (২৫), পটিয়ার হোলাইন এলাকার মোহাম্মদ আলম (৪৫), পটিয়ার শান্তিহাট এলাকার মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের কাঞ্চননগর এলাকার সেলিম উদ্দিন (৩০)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ১০ জন দগ্ধ হন। তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, কারখানায় কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে কয়েকজন শ্রমিক আহত হয়েছে, পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে আছে।