চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শিক্ষার্থী মনীশ ক্ষেত্র চৌধুরী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’র একক অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক ও সম্মাননা গ্রহণ করেছেন।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার হাতে এ সম্মাননা তুলে দেন।
এর আগে গত ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের সাতটি বিভাগের প্রতিযোগীদের মধ্যে একক অভিনয় বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে মনীশ।
মনীশ বোয়ালখালী উপজেলার শাকপুরা সওদাগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জনের পর জাতীয় পর্যায়েও সেরা হওয়ার কৃতিত্ব দেখায় সে।
প্রসঙ্গত, এ বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে জাতীয় পর্যায়ের পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।