দীর্ঘ ৯ দিন বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। আবহাওয়ার উন্নতি হওয়ায় জেলা প্রশাসন সাজেক ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই সন্ধ্যা থেকে বিরূপ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় শুক্রবার (১৬ জুলাই) থেকে পর্যটকরা আবারও সাজেক ভ্রমণ করতে পারবেন। এদিন থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হবে।
জেলা প্রশাসন পর্যটকদের যাতায়াতের সময় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গত ৮ জুলাই সাজেকের মাচালং সড়ক পানিতে তলিয়ে গেলে সেখানে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েন। দুর্যোগকালীন সময়ে হোটেল-মোটেল মালিকরা পর্যটকদের কাছ থেকে কক্ষভাড়া নেননি। পরে ৯ ও ১০ জুলাই সেনাবাহিনীর সহযোগিতায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে সাজেক থেকে বের করে আনা হয়।